অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই সরকারের চলতি মেয়াদের মধ্যেই জেলা পরিষদকে স্বায়ত্তশাসিত ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সিলেট অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে ‘ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা ও ইউআইএসসি পরিচালনা’বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শনিবার তিনি এসব কথা বলেন। এতে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল সভাপতিত্ব করেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।কর্মশালায় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও এটুআই প্রকল্পের নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কার্যনির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মকবুল হোসেন ভূঁইয়া প্রমুখ বক্তৃতা দেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমদ শামিম আল রাজি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় জেলার ১২টি উপজেলার ১০১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা অংশ নেন।