বান্দরবানে মতবিনিময় সভায় অভিমত
জেলা পরিষদগুলোর সক্ষমতা অর্জন ছাড়া মাতৃভাষায় শিক্ষা বাস্তবায়ন সম্ভব নয়
তিন পার্বত্য জেলা পরিষদের দক্ষতা ও সক্ষমতা অর্জন না হলে পাহাড়ি জাতিগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। শিক্ষক প্রশিক্ষণ, পাঠদান শৃঙ্খলা বিন্যাসসহ সব প্রস্তুতির কাজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে জেলা পরিষদকে করে নিতে হবে। কিন্তু জেলা পরিষদগুলো এখনো পর্যন্ত সে রকম কোনো প্রস্তুতিমূলক উদ্যোগ নিতে পারেনি।
গতকাল মঙ্গলবার বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী শিশুর মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষায় বর্তমান চিত্র শীর্ষক এক মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এমন মত প্রকাশ করেন।
সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান ও কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। পার্বত্য অঞ্চলের বেসরকারি সংস্থাগুলোর এযাবৎ পরিচালিত বহুভাষিক শিক্ষা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তুলনামূলক তথ্যচিত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ শিকদার। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সিংয়ং ম্রো, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী। সভাপতিত্ব করেন কাপেং ফাউন্ডেশনের সদস্য লেলুং খুমী।