জেলা পরিষদে প্রার্থিতার শেষ সময় ১১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১২ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

সিইসি কাজী রকিবউদ্দীন বলেন, সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা থাকলেও জেলা পরিষদে প্রত্যক্ষ ভোটের বিধান নেই। পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে। নির্বাচনে ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা। তবে তাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

গতকাল তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ ও কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

দেশে প্রথমবারের মতো ৬১ জেলায় চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। নির্বাচনে প্রতিটি জেলায় ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। এ নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কিছু জায়গায় উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।