জেলা পরিষদে সরাসরি ভোট আয়োজনের আহ্বান সুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে সরাসরি জনগণের ভোটে জেলা পরিষদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন এ আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনের চিত্র এবং নতুন নির্বাচিত চেয়ারম্যানদের তথ্য পর্যালোচনা করা হয়। এ-সম্পর্কিত লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, নির্বাচিত মোট ৫৯ জন চেয়ারম্যানের মধ্যে ১১ জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, ৩৪ জনের স্নাতক, ৮ জনের এইচএসসি, ১ জনের এসএসসি এবং ৪ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। ১ জন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি। চেয়ারম্যানদের মধ্যে পেশায় ৩৮ জন ব্যবসায়ী, ৮ জন আইনজীবী এবং বাকিরা অন্যান্য পেশার। ২ জন চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমানে ফৌজদারি মামলা আছে এবং অতীতে মামলা ছিল ১৫ জনের বিরুদ্ধে। ২ জনের বিরুদ্ধে অতীতে ৩০২ ধারায় মামলা ছিল। এ দুজন হলেন মুন্সিগঞ্জের চেয়ারম্যান মো. মহিউদ্দিন ও মেহেরপুরের গোলাম রসুল।
সংবাদ সম্মেলনে বলা হয়, আইনগতভাবে এই নির্বাচন নির্দলীয় হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী তালিকা দলীয়ভাবে প্রকাশ করা হয়। অন্য কোনো বড় দল নির্বাচনে প্রার্থী না দেওয়ায় নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং উৎসাহ-উদ্দীপনাও সৃষ্টি হয়নি।
লিখিত বক্তব্যে জেলা পরিষদ নির্বাচন সরাসরি জনগণের ভোটে অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বলা হয়, সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী, জেলা পর্যায়ে সরকারের সব বিভাগকে জেলা পরিষদের আওতায় নিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনকে নির্বাচন বলা যাবে না। কেননা নির্বাচনের নামে আসলে বাছাই করা হয়েছে। এতে জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। অতীতে সব নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য হয়েছিল। এবার তার ষোলোকলা পূর্ণ হয়েছে। সব মিলিয়ে একটি অথর্ব পরিষদ গড়ে তোলা হয়েছে।
সুজনের সহসম্পাদক জাকির হোসেন বলেন, জনগণের প্রতিনিধি তখনই নির্বাচিত হবেন, যখন তাঁরা সরাসরি ভোট দিতে পারবেন। কিন্তু জেলা পরিষদ নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিতে পারেননি। সংসদ নির্বাচনেও একই রকম পরিস্থিতি ছিল। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।