জেলা পরিষদের গাছ কেটে নিলেন চৌকিদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটার ভাতশালা এলাকা থেকে জেলা পরিষদের ১৩টি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। জেলা পরিষদের কর্মচারী ও দেবহাটা ডাকবাংলোর চৌকিদার জাফর আলী এসব গাছ কাটেন।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান খান, ভাতশালা গ্রামের শামিম রহমানসহ কয়েকজন বলেন, জাফর আলী এক সপ্তাহ ধরে সড়কের পাশ থেকে বাবলা, শিশু, শিরীষসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবারও তিনি পাঁচটি বড় বাবলাগাছ কেটেছেন। ভাতশালা এলাকার বিজিবি ক্যাম্প, বেয়ারপাড়া, বিশ্বাসবাড়ি ও ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে এসব গাছ কাটা হয়।
চৌকিদার জাফর আলী বলেন, গ্রামের রাস্তার ধারের গাছ মরে গেছে। জেলা পরিষদের প্রশাসক এগুলো কেটে সাতক্ষীরায় পাঠাতে বলেছেন। তাই তিনি মঙ্গলবার পাঁচটি বাবলাগাছ কেটেছেন। এর আগে আরও কয়েকটি কেটেছেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ বলেন, তিনি কাউকে গাছ কাটার অনুমতি কিংবা নির্দেশ দেননি। ভাতশালা এলাকা থেকে কয়েকটি গাছ কাটা হয়েছে বলে তিনি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
দেবহাটা সদর ইউপির নবনির্বাচিত সদস্য আবদুল জলিল বলেন, তাজা সব গাছ জাফর আলী কয়েক দিন ধরে কেটে নিয়ে যাচ্ছেন।
উপজেলা সদরের তহশিলদার আকরম হোসেন বলেন, গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে জানতে পেরে গত বুধবার তিনি ভাতশালায় যান। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও গাছের গুঁড়ি দেখে তিনি গাছ কাটার বিষয়টি নিশ্চিত হন। গাছগুলো সবই জীবিত ছিল।