জেলা পরিষদের ঘাট দখলে নিলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান অরুণ আদালতের আদেশ অমান্য করে জেলা পরিষদের একটি ঘাট দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে তিনি ঘাটটি দখলে নেন। ফলে ঘাটের প্রকৃত ইজারাদার ঘাট বুঝে পাননি।জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, শতবর্ষ আগে থেকে কুমারখালী উপজেলার হাসদিয়া-তেবাড়িয়া ঘাটটি জেলা পরিষদ ইজারা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর জনৈক মিজানুর রহমান ২৯ লাখ চার হাজার টাকায় ঘাটের ইজারা পান। এই ইজারার মেয়াদ ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১৩ সাল পর্যন্ত।জেলা পরিষদের সার্ভেয়ার মো. রেজাউল হক বলেন, রোববার মিজানুর রহমানকে ইজারা বুঝিয়ে দিতে গেলে পৌরসভার লোকজন বাধা দেয়। তারা দখল করে সেখানে টাকা আদায় করতে থাকে। পরে মিজানুর রহমানকে ঘাটের ইজারা না বুঝিয়ে দিয়ে তিনি চলে আসেন।জেলা পরিষদ কার্যালয় সূত্রে আরও জানা যায়, গত ৯ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কুমারখালী পৌরসভার কাছে এ ঘাট হস্তান্তর প্রসঙ্গে একটি চিঠি পাঠায়। চার মাস পর ২৫ এপ্রিল একই দপ্তর থেকে এ আদেশ বাতিল করার আরেকটি চিঠি পাঠানো হয়। এ ছাড়া কুমারখালীর সহকারী জজ আদালতে ঘাটের ওপর জেলা পরিষদের কর্তৃত্বের নিষেধাজ্ঞা চেয়ে কুমারখালী পৌরসভা মামলা করলে আদালত তা খারিজ করে দেন।রোববার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কুমারখালী পৌরসভার কর্মচারীরা ঘাট ব্যবহারকারীদের কাছ থেকে টাকা আদায় করছেন। পাশে ‘কুমারখালী পৌরঘাট, পরিচালনায় কুমারখালী পৌরসভা’ লেখা সাইনবোর্ড দেখা যায়।সেখানে উপস্থিত পৌরসভার কর কর্মকর্তা মখলেচুর রহমান বলেন, পৌর এলাকার মধ্যে ঘাট হওয়ায় টাকা তোলা হচ্ছে। পৌরসভার কর্মচারী আবদুস সাত্তার বলেন, সকাল থেকে পৌরসভার প্রায় ১০০ কর্মচারী পৌর মেয়রের নির্দেশে ঘাট এলাকা দখল করেছেন। এখানে প্রায় ১০০ কর্মচারী রয়েছেন। ইজারাদার মিজানুর রহমান বলেন, ১ জুলাই সকালে ঘাটে গেলে পৌরসভার কর্মচারীরা তাঁদের তাড়িয়ে দেন। এতে করে তিনি লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন। অভিযোগের বিষয়ে মেয়র সামছুজ্জামান অরুণ প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের কাছ থেকে ইজারা নেওয়া প্রতিষ্ঠানের লোকজনকে ঘাটে বাধা দেওয়া হয়নি। ভূমি মন্ত্রণালয়ের বিধি মোতাবেক পৌরসভা এলাকায় ঘাট হওয়ায় দখল করে টাকা আদায় করা হচ্ছে। ওই ঘাট এত দিন জেলা পরিষদ অবৈধভাবে দখল করে রেখেছিল বলে তিনি দাবি করেন। তবে তিনি তাঁর বক্তব্যের পক্ষে কাগজপত্র দেখাতে পারেননি।কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ অমান্য করে সম্পূর্ণ অবৈধভাবে কুমারখালী পৌর কর্তৃপক্ষ ঘাট দখল করেছে। এটা তাঁরা কোনোভাবেই করতে পারেন না। এ ব্যাপারে দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে।