জেলা পরিষদের চেয়ারম্যান হলে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। গতকাল বুধবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন বলে জানা গেছে। রাত সোয়া আটটায় বৈঠক শুরু হয়ে তা সোয়া ১০টায় শেষ হয়।বৈঠক সূত্র জানায়, বৈঠকে সাংসদ আতিউর রহমান অনির্বাচিত কাউকে জেলা পরিষদের চেয়ারম্যান না করার পক্ষে মত দেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা জেলা পরিষদের চেয়ারম্যান হবেন, তাঁরা দলীয় মনোনয়ন পাবেন না।সূত্র জানায়, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ত্রুটি ও ফাঁকফোকর সম্পর্কে বলেন। এ ব্যবস্থার সুযোগে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করা যায় বলে তিনি মন্তব্য করেন। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের ফাঁক দিয়ে জনগণের ওপর অবৈধ সরকার চেপে বসার সুযোগ দেওয়া হবে না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় সাংসদদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুভয় উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন, জনগণের জন্য কাজ করছেন। সুতরাং সাংসদদের হতাশ হলে চলবে না। সবাইকে কাজ করতে হবে।সূত্র জানায়, বৈঠকে সরকারের অর্জনগুলো প্রচারের জন্য একটি সেল গঠন করা হয়। আসাদুজ্জামান নূর ও রেজা আলীকে প্রচার সেলের দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে কয়েকজন সাংসদ বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তাঁদের যে ১৫ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, তা আরও বাড়াতে হবে। তা ছাড়া শেয়ারবাজারে ধসের ঘটনায় সরকারের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে বলে কেউ কেউ অভিযোগ করেন। ইউরিয়া সারের দাম কমানোর দাবিও করেন কেউ কেউ।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।