জেলা পরিষদের চেয়ারম্যানকে দোহারে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার ইকরাশী নবীন সংঘের মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।
রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আগামী তিন মাসে ঢাকা জেলায় ৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে দোহার-নবাবগঞ্জে ১৫ কোটি টাকার উন্নয়ন করা হবে। এটা আগামী জুলাই থেকে বাস্তবায়ন করা হবে। এর আগে দোহার-নবাবগঞ্জে বহু এমপি, মন্ত্রী গেছেন। কিন্তু তাঁরা সেই রকম কোনো উন্নয়ন করেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।