জেলা পরিষদের জমি দখল করে মার্কেট নির্মাণ!
পাবনা-হেমায়েতপুর সড়কের পাশে জেলা পরিষদের জমি দখল করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১ জুলাই পাবনা পৌর এলাকার আটুয়া মহল্লার মোহাম্মদ খালেদ রউফ এক বছর মেয়াদে জেলা পরিষদের কাছ থেকে ৩০ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের জমিটি ইজারা নেন। ইজারা চুক্তিতে তাঁকে জমিতে অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করার অনুমতি দেওয়া হয়। চুক্তি অনুযায়ী তিনি সেখানে অস্থায়ী দোকান করে ভাড়া দেন। ২০১০ সালের ৩০ জুন ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। পরে নবায়ন না করায় ইজারাটি বাতিল হয়ে যায়।জেলা পরিষদের ইজারা শাখার কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, ইজারা বাতিলের পরও মোহাম্মদ খালেদ রউফ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়ে জমিটির দখল না ছেড়ে একইভাবে ভাড়া তুলতে থাকেন। তাঁকে কয়েক দফা জমির দখল ছাড়তে বলা হয়েছিল। কিন্তু দখল না ছেড়ে তিনি আরও কয়েকজনকে নিয়ে ১৫ এপ্রিল থেকে সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাণ শুরু করেন।গত বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, পাবনা বিসিক শিল্পনগরের প্রধান প্রবেশপথের বিপরীতে মার্কেট নির্মাণ করা হচ্ছে। কয়েকজন নির্মাণশ্রমিক দ্রুত কাজ করছেন। সামনের দিকে ইট দিয়ে এ পর্যন্ত দুই থেকে আড়াই ফুট উঁচু দেয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। এখানে ১০টি দোকান তৈরি করা হচ্ছে।এলাকাবাসী জানান, নির্মাণকাজ শুরুর আগেই দোকান বরাদ্দের কাজ শুরু হয়েছে। প্রতিটি দোকানের ৭৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছি। কিন্তু দখলদার ব্যক্তিরা কাজ বন্ধ করেননি। ফলে বাধ্য হয়ে বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ বুধবার বিকেলে ওই স্থানে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।’পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ‘আমরা জেলা পরিষদ থেকে নির্মাণকাজ বন্ধের একটি নোটিশ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’মোহাম্মদ খালেদ রউফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।