জেলা পরিষদের সার্ভেয়ার সাময়িক বরখাস্ত
সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের পাশে জেলা পরিষদের মালিকানাধীন পাঁচটি রেইনট্রি ঝুঁকিপূর্ণ দেখিয়ে কেটে ফেলার চেষ্টার অভিযোগে জেলা পরিষদের জরিপকারী (সার্ভেয়ার) মো. হাসানুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জুবাইদা নাসরিন স্বাক্ষরিত এক আদেশে ২১ আগস্ট তাঁকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া সার্ভেয়ার মো. হাসানুজ্জামান পটুয়াখালীর বাউফল থানার বাউফল গ্রামের বাসিন্দা।
হাসানুজ্জামান তাঁকে বরখাস্তের ঘটনা স্বীকার করে বলেন, তাঁর কোনো দোষ নেই। বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হওয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদন সাপেক্ষেই গাছগুলো কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মেদ জানান, হাসানুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি।
ব্রহ্মরাজপুর গ্রামের ছিয়ামউদ্দিন সরদার (৬০) ও ওমরাপুর গ্রামের বকুল হোসেন জানান, সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের পূর্বপাশে দুটি মার্কেট নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ওই মার্কেটের সামনের সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন পাঁচটি রেইনট্রি রয়েছে। অভিযোগ রয়েছে, নির্মাণাধীন মার্কেটের মালিকপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে হাসানুজ্জামান ঝুঁকিপূর্ণ দেখিয়ে ওই পাঁচটি গাছ কাটার ব্যবস্থা করেন।