জেলা পর্যায়ে শুরু হচ্ছে আই-জেন

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের জেলা পর্যায় শুরু হচ্ছে ২৫ জুন থেকে। প্রতি জেলায় গড়ে ১৬টি করে স্কুলের স্কুল পর্যায়ের বিজয়ী দলগুলো অংশ নেবে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ইন্টারনেট সম্পর্কিত জানাশোনা যাচাইয়ের পাশাপাশি জীবনভিত্তিক বিভিন্ন সমস্যা দেওয়া হবে শিক্ষার্থীদের। ইন্টারনেটকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দলগতভাবে এসব সমস্যার সমাধান করবে। থাকবে বুদ্ধিবৃত্তিক আরও কিছু প্রতিযোগিতা, যার মাধ্যমে প্রতি জেলায় একটি করে দলকে বিজয়ী করা হবে। সেরা দলের সেরা পাঁচজন নিয়ে হবে ওই স্কুলের চূড়ান্ত দল। প্রতি জেলা থেকে পাঁচজনের এই দলটি পরবর্তী আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তাদের স্কুল ও জেলার প্রতিনিধিত্ব করবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় পরীক্ষার পাশাপাশি উপহার, গেমসহ থাকবে মজার আয়োজন। এ বছর সারা দেশে দুই হাজারটি স্কুলে আই-জেনের স্কুল পর্যায়ের অনুষ্ঠানে প্রায় ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি
স্কুল পর্যায়ের নির্বাচিত দলগুলোর সঙ্গে জেলা পর্যায়ের প্রতিযোগিতার ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে। তোমাদের হাতে পৌঁছে যাবে আই-জেনের নিয়মকানুনসহ একটি বুকলেট। এ সম্পর্কিত তথ্য থাকছে আই-জেনের ফেসবুক পেজ (www. fb. com/igen) ও প্রথম আলোর বিশেষ ওয়েবপেইজে (www. prothom-alo. com/igen)। তারপরও কিছু তথ্য থাকছে তোমাদের প্রস্তুতির জন্য।
জেলা পর্যায়ে তিন ধাপে পরীক্ষা ও বাছাই-প্রক্রিয়া হবে। থাকবে তথ্যপ্রযুক্তির ওপর সংক্ষিপ্ত পরীক্ষা, আইকিউ-ভিত্তিক কম্পিউটার গেম ও দলীয় অংশগ্রহণ (গ্রুপ টাস্ক)। এই তিন পরীক্ষার মধ্য থেকেই সেরা স্কুল এবং সেই স্কুলের সেরা পাঁচজন নির্বাচিত হবে, যারা পরবর্তী ধাপে তাদের জেলার প্রতিনিধিত্ব করবে।
গ্রুপ টাস্ক উপস্থাপন প্রক্রিয়া
প্রতিটি দলকে গ্রুপ টাস্কের জন্য বিষয় নির্দিষ্ট করে দেওয়া হবে এবং সেই বিষয়ের ওপর দলের মধ্যে আলোচনা করে একটি প্রজেক্ট প্রেজেন্টেশন করতে দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। সেই সঙ্গে প্রতিটি দলকে ফ্লিপচার্ট (কাগজ) ও মার্কারসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে, যেখানে তারা তাদের আলোচনা ওপরে উপরিউক্ত ধাপগুলো অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করবে।
আলোচনার সময় শেষ হওয়ার পর ১০ জনের মধ্যে থেকে কমপক্ষে দুজন সদস্য তাদের জন্য প্রদত্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবে। এ জন্য প্রতিটি দল ৫ মিনিট সময় পাবে; ৪ মিনিট উপস্থাপনের জন্য আর ১ মিনিট প্রশ্নোত্তরের জন্য। ভালো প্রেজেন্টেশনের জন্য যেসব বিষয় খেয়াল রাখতে হবে, তার মধ্যে আছে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন, পয়েন্ট আকারে তথ্য দেওয়া, টেবিল, চার্ট বা ডায়াগ্রাম ও বিভিন্ন রঙের ব্যবহার।
নিচের বিষয়গুলোর যেকোনো একটির ওপর প্রকল্প উপস্থাপন করতে হবে তোমাদের। ভালো হয় আগে থেকেই এ বিষয়গুলো নিয়ে ভেবে এলে। গ্রুপ টােস্কর বিষয়গুলো হলো:
১. তোমার স্কুলের পরিচিতি বাড়াতে কীভাবে ইন্টারনেটের সাহায্য নেবে এবং সবার কাছে স্কুল সম্পর্কিত তথ্য পৌঁছে দিতে কী কী কাজ করবে, তার একটা পরিকল্পনা করো।
২. ইন্টারনেটে নিরাপদ থাকার জন্য কী করা যেতে পারে, তার একটা পরিকল্পনা করো এবং এই পরিকল্পনা কীভাবে অনলাইনে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সেটাও জানাও।
৩. স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটকে কীভাবে আরও বেশি কাজে লাগানো যায়? এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করো।
৪. বড়দেরও (যেমন: তোমার মা-বাবা, শিক্ষক, নিকট আত্মীয়) ইন্টারনেটের সঙ্গে পরিচিত করতে কী করা যেতে পারে, তার একটা পরিকল্পনা করো এবং ফেসবুক বা টুইটারে তাঁদের অ্যাকাউন্ট খুলতে তোমার ভূমিকা কী হবে, সেটা জানাও।
৫. স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কী করা যায়, তার একটা পরিকল্পনা করো এবং এই পরামর্শগুলো কীভাবে অনলাইনের মাধ্যমে সবাইকে জানাবে, তারও প্রস্তাব উপস্থাপন করো।
৬. তোমার এলাকার পিছিয়ে পড়া বা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তোমাদের ভূমিকা কী এবং কীভাবে তা বাস্তবায়ন করবে, তার একটা পরিকল্পনা করো।
৭. তোমার এলাকার পরিবেশ-পরিচ্ছন্নতা উন্নয়নে কী করবে তার পরিকল্পনা করো।
৮. যেকোনো সংক্রমণকারী রোগের (সোয়াইন ফ্লু, ইবোলা ভাইরাস, নিপাহ ভাইরাস, ডায়রিয়া, যক্ষ্মা) লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলো তোমার এলাকায় জানাতে কী কী পদক্ষেপ নেবে?
৯. তোমার এলাকার দর্শনীয় কোনো জায়গা, ঐতিহ্য, রীতি বা বিখ্যাত কোনো ব্যক্তি সম্পর্কে সবাইকে জানাতে কী কী কাজ করবে? এই কাজে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করার প্রয়োজনীয়তা কতটুকু?
১০. তোমার এলাকায় তরুণদের ধূমপান বা মাদকের মতো ভয়ংকর বিষয়ের হাত থেকে দূরে রাখতে কী ধরনের সচেতনতামূলক কর্মসূচি করা যেতে পারে? তথ্যপ্রযুক্তি ব্যবহারকে কাজে লাগিয়ে একটি পরিকল্পনা তৈরি করো।