জেলা পর্যায়ে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের ডাক বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠনের দাবি আদায়ে জেলায় জেলায় সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি।গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল, গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফেরতসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। তবে বৃষ্টির কারণে সমাবেশ সংক্ষিপ্ত হওয়ায় কেন্দ্রীয় নেতাদের অনেকে বক্তব্য দিতে পারেননি।প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে জেলায় জেলায় সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলন জোরদার করতে হবে। ১৮ দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। জনগণই দাবি মানতে সরকারকে বাধ্য করবে। তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর দেশে লুটপাট বৃদ্ধি ও আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সাড়ে তিন বছরে তারা গুম, খুন, নির্যাতন উপহার দিয়েছে। মানুষ বিদ্যুৎ পায় না, তার ওপর দাম বাড়ানো হয়েছে দফায় দফায়। দেশের মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে।দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার আজ দুই মাস অতিবাহিত হয়েছে। সরকার এখনো তাঁর কোনো সন্ধান দিতে পারেনি। অবিলম্বে তাঁকে ফিরিয়ে দিন।’ তিনি কারাবন্দী দলীয় সব নেতা-কর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।