মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে পাম্প হাউসের সবকটি পাম্প চলছে না। গতকাল শনিবার জেলা প্রশাসক কাশিমপুর পাম্প হাউসে গিয়ে দেখেন তিনটি পাম্প চলছে। তিনি উপস্থিত থেকে ছয়টি পাম্প চালু করেন।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পাম্প হাউস যথাযথ কাজ করছে না। আমি আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখি তিনটি পাম্প চলছে। আটটার মধ্যে ছয়টা পাম্প চলার কথা। পাম্পের লোকজন বলেছে, বিশ্রাম দেওয়ার জন্য তিনটি পাম্প বন্ধ রাখা হয়েছে। আমি উপস্থিত থেকেই বাকি তিনটি চালু করে দিয়ে এসেছি।’ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনেকেই জানেন না এই পাম্প শুকনো মৌসুমে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য। এই পাম্প দিনে ১৫ কিউসেক পানি বের করতে পারে। কিন্তু বর্ষায় যে বৃষ্টির পানি হাওরে আসে, তা বের করার ক্ষমতা নেই এই পাম্পের।’