জেলা প্রশাসক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১
জেলা প্রশাসক (ডিসি) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ইমদাদুল হক ওরফে সোহেল (৩৫) নামের এক ব্যক্তিকে আকট করেছে র্যাব। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আটক ইমদাদুলের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চরবনবাড়িয়া গ্রামে। বাবার নাম কলিমুদ্দীন শেখ। সিরাজগঞ্জ র্যাব-১২-এর কর্মকর্তা আবদুলাহ আল মেহেদী জানান, ইমদাদুল ও তাঁর দুই সহযোগী একই এলাকার বাসিন্দা আয়নাল হকের ছেলে ওবায়দুল ইসলাম (৩৫) এবং রওশন আলীর ছেলে ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিয়ন আমিনুল ইসলাম (৪৩)। তাঁরা দীর্ঘদিন ধরেই নিজেদের সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরের ডিসি পরিচয় দিয়ে এলাকার বিত্তবানদের কাছে মসজিদ নির্মাণ ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার কথা বলে চাঁদা তুলে আসছিলেন। ইমদাদুল সম্প্রতি মুঠোফোনে গাজীপুর জেলা প্রশাসক পরিচয় দিয়ে রফিক নামের এক আমেরিকা প্রবাসীর কাছে মসজিদ নির্মাণের জন্য চাঁদা চান। সন্দেহ হওয়ায় ওই প্রবাসী র্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ দেন। মুঠোফোনের কল তালিকার সূত্রধরে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া বাজার থেকে ইমদাদুলকে আটক করে র্যাব। তবে তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, র্যাব বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছে। আটক ইমদাদুল চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন। তাঁকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে ইমদাদুল জানিয়েছেন, পলাতক ওবায়দুল ইসলাম এ চক্রের প্রধান। বিগত নয় মাস ধরে তাঁরা এ প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এ পর্যন্ত তাঁরা প্রায় ১১ লাখ টাকা নিয়েছেন।