জেলা প্রশাসকদের সংবর্ধনা নেওয়ার সমালোচনা সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকদের (ডিসি) সংবর্ধনা নেওয়ার সমালোচনা হয়েছে জাতীয় সংসদে। গতকাল রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় জাসদের সাংসদ মইন উদ্দীন খান বাদল ও বিএনএফের সাংসদ আবুল কালাম আজাদ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকদের সংবর্ধনা নেওয়ার বিষয়টিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেন।

দুই সাংসদ প্রজাতন্ত্রের কর্মচারীদের এ ধরনের সংবর্ধনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, এই প্রবণতার লাগাম এখনই টেনে না ধরলে এটা মহিরুহ হতে পারে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের প্রশ্নোত্তরপর্বের পর মইন উদ্দীন খান বাদল এ বিষয়ে আলোচনার সূচনা করেন।

চট্টগ্রাম ও ময়মনসিংহের জেলা প্রশাসকের সংবর্ধনা নেওয়ার বিষয়টি উল্লেখ করে মইন উদ্দীন খান বলেন, ‘রাষ্ট্রাচারের ক্ষেত্রে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। দেশের শাসনতন্ত্রে যার যার পরিধি ও নিয়ম নির্দিষ্ট করে বলা আছে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে ডিসি সাহেবেরা রীতিমতো রাজনীতিবিদদের মতো সংবর্ধনা নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ আবার রাজমুকুট পরেও সংবর্ধনা নিচ্ছেন। কেউ কেউ ১১৭টি সংবর্ধনা নিয়ে ফেলেছেন। তাঁদের এই সংবর্ধনা নেওয়ার বাতিক নিজেদের রাজনীতিবিদ হিসেব উপস্থাপন করার প্রবণতা।’

আবুল কালাম আজাদ বলেন, ‘আমলাতন্ত্রের একটি বিধান রয়েছে তা মেনে চলা হচ্ছে না। ডিসি হচ্ছেন ডেপুটি কালেক্টর, ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট (ডিএম)। কোথাও লেখা নেই জেলা প্রশাসক। কিন্তু তিনি সবকিছু ছাড়িয়ে এখন জেলা প্রশাসক হয়ে গেছেন। ওই জেলার মন্ত্রী-এমপি সাহেবদের এখন আর তেমন গুরুত্ব নেই। তাই এখন বিভিন্ন স্থানে জেলা প্রশাসকদের সংবর্ধনা নেওয়া বন্ধ হওয়া দরকার।’