জেলা প্রশাসকদের সংবর্ধনার সমালোচনা সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকদের (ডিসি) সংবর্ধনা নেওয়ার সমালোচনা উঠেছে জাতীয় সংসদে। আজ রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় জাসদের (একাংশ) সাংসদ মঈন উদ্দীন খান বাদল ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবুল কালাম আজাদ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকদের সংবর্ধনা নেওয়ার বিষয়টিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেন। 

প্রজাতন্ত্রের কর্মচারীদের এ ধরনের সংবর্ধনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দুই সাংসদ বলেন, এ সংবর্ধনা নেওয়ার প্রবণতার লাগাম এখনই টেনে না ধরলে এটা মহিরুহুর মতো দাঁড়াতে পারে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের প্রশ্নোত্তর পর্বের পর মঈন উদ্দীন খান বাদল এ বিষয়ে আলোচনার সূচনা করেন। চট্টগ্রাম ও ময়মনসিংহের জেলা প্রশাসকের সংবর্ধনা নেওয়ার বিষয়টি উল্লেখ করে জাসদের এই সাংসদ বলেন, রাষ্ট্রাচারের ক্ষেত্রে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। দেশের শাসনতন্ত্রে যার যার পরিধি ও নিয়ম নির্দিষ্ট করে বলা আছে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, জেলা প্রশাসকেরা রীতিমতো রাজনীতিবিদদের মতো সংবর্ধনা নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ আবার রাজমুকুট পরেও সংবর্ধনা নিচ্ছেন। কেউ কেউ ১১৭টি সংবর্ধনা নিয়ে ফেলেছেন। তাঁদের এই সংবর্ধনা নেওয়ার বাতিক নিজেদের রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করার প্রবণতা। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু।

মঈন উদ্দীন খান আরও বলেন, শাসনতন্ত্রকে আঁকড়ে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে দৃঢ়মূলে প্রথিত করার চেষ্টা করছেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সময় প্রজাতন্ত্রের কর্মচারীদের এ ধরনের আচরণ এর সম্পূর্ণ বিরোধী। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। তিনি এ সংবর্ধনা নেওয়ার প্রবণতা বন্ধে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি দাবি জানিয়ে বলেন, শুরুতে এ প্রবণতা দমন করা না গেলে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি ও সাংসদ আবুল কালাম আজাদ বলেন, আমলাতন্ত্রের একটি বিধান রয়েছে, তা মেনে চলা হচ্ছে না। ডিসি হচ্ছেন ডেপুটি কালেক্টর, ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ডিএম)। কোথাও লেখা নেই জেলা প্রশাসক। কিন্তু তিনি সবকিছু ছাড়িয়ে এখন জেলা প্রশাসক হয়ে গেছেন। ওই জেলার মন্ত্রী-এমপিদের এখন আর তেমন গুরুত্ব নেই। তাই এখন বিভিন্ন স্থানে জেলা প্রশাসকদের সংবর্ধনা নেওয়া বন্ধ হওয়া দরকার।