কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের ২২ কোটি ৩১ লাখ টাকা লুটের ঘটনায় জেলা প্রশাসকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা হয়।
মাতারবাড়ী সিকদারপাড়া গ্রামের এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী এ মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী মোস্তাক আহমদ সাংবাদিকদের বলেন, বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার মামলাটি আমলে নিয়ে এ বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে। আসামিদের মধ্যে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা (এলও) আরেফিন আক্তার নূর, মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্পটির বাস্তবায়ন কর্মকর্তা ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ’-এর পরিচালক মো. ইলিয়াস, জেলা ভূমি অধিগ্রহণ শাখার প্রধান সহকারী আবুল কাশেম মজুমদার, কানুনগো আবদুল কাদের, সার্ভেয়ার ফখরুল ইসলাম ও বাদশা মিয়া এবং মাতারবাড়ী এলাকার ২১ প্রভাবশালী ব্যক্তি। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ভুয়া চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ ওই টাকা লুট করেছেন।
দুদকের মামলা পরিচালনায় নিয়োজিত কক্সবাজার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রহিম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।