সিলেটে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বিরুদ্ধে বিস্ফোরক আইনে করা মামলায় সাক্ষ্য না দেওয়ায় জেলা প্রশাসক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনজুরুল হক খান এই পরোয়ানা জারি করেন। আদালতে হাজির হয়ে সাক্ষ্য না দেওয়ায় এই মামলার ছয় সাক্ষী—২০০৬ সালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা এস এম ফয়সাল, সিআইডির সহকারী পুলিশ সুপার মশিহউদ্দিন, র্যাবের ডিএডি সারওয়ার মুর্শেদ, ইসলামী ব্যাংক লালদীঘির পাড় শাখার কর্মকর্তা মাহমুদুর রহমান, সূর্যদীঘলবাড়ির মালিক আলম মিয়া ও ফটোসাংবাদিক ইকবাল মনসুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ জঙ্গি শায়খ আবদুর রহমান (ফাঁসি কার্যকর) সিলেটের পূর্ব শাপলাবাগ আবাসিক এলাকার ‘সূর্যদীঘলবাড়ি’ নামের একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন। ২০০৬ সালের ২ মার্চ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলার বিচার সিলেট আদালতে চলছে। মামলায় মোট ৫০ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবারও মামলার সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য ছিল। জেএমবির বর্তমান আমির সাইদুর রহমান, শায়খ আবদুর রহমানের স্ত্রী নূরজাহান বেগম, মেয়ে আফিয়া বেগমসহ সাত আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। কিন্তু সাক্ষীরা অনুপস্থিত থাকায় সাক্ষ্য নেওয়া হয়নি। তাই আদালত ছয়জন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সাক্ষ্য নেওয়ার জন্য আগামী ২৪ মে দিন ধার্য করেন।