ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়ার দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। তারা জনস্বার্থে দ্রুত বাসভাড়া প্রত্যাহারে জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।স্মারকলিপিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি উল্লেখ করেন, ‘১৩ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বেসরকারি বাসমালিক কর্তৃপক্ষ বাসভাড়া ২৭ টাকা থেকে তিন টাকা বাড়িয়ে ৩০ টাকা এবং বিআরটিসি এসি বাসের ভাড়া ৩৪ টাকা থেকে বাড়িয়ে ৩৮ টাকা নেওয়া শুরু করে। ছয় মাস আগে এই যাত্রাপথে ২২ টাকার ভাড়া ৩০ টাকায় উন্নীত করা হয়েছিল। তখন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে দুই টাকা ও পরে এক টাকা কমিয়ে ভাড়া ২৭ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু ছয় মাস যেতে না যেতেই ভাড়া আবার বাড়ানো হয়েছে। অথচ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সিএনজিচালিত বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি করা যেমন সরকার-ঘোষিত নীতিমালার পরিপন্থী, তেমনি এটি একটি গণবিরোধী পদক্ষেপ। আমরা ভাড়া বৃদ্ধির দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর বিআরটিএর কাছে একটি স্মারকলিপি দিয়ে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’ ভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএর কাছ থেকে অনুমতি নেওয়ার বিধান থাকলেও বিআরটিএকে লিখিতভাবে কিছু জানানো হয়নি বলে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের বেসরকারি বাস মালিক সমিতি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই একচেটিয়া মুনাফার জন্য এই রুটে বিআরটিসি বাস চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি করে আসছে, অপরদিকে তাদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে জনগণকে জিম্মি করে রেখেছে।স্মারকলিপি প্রদানকালে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমিউনিস্ট পার্টির দুলাল সাহা, বাসদের নিখিল দাস, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতির তরিকুল ইসলাম প্রমুখ।