জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ বিষয়ে নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিয়েছে।
দ্বিতীয় ধাপের ৬৫৭টি ইউপির নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কমিশনের এই সিদ্ধান্তের ফলে প্রার্থীরা একাধিক জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
বিএনপির অভিযোগ, ইউপি নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীরা ১১৪টির মতো ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছেন। এই অভিযোগের পর কমিশন একাধিক জায়গায় মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নিল।
জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো কমিশনের চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তিনি মনোনয়নপত্র গ্রহণ করে তা যথাযথ নিরাপত্তা সহকারে ওই দিনই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বুঝিয়ে দেবেন।
ইউপি নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
কমিশন সচিবালয়ের উপসচিব সামশুল আলম এই চিঠিতে সই করেছেন।
অভিযোগ আছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে অনেক জায়গায় প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলি প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তার দপ্তর ছাড়াও উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৫৭টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এ ধাপে কমিশন ৬৮৪টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। পরে আদালতের নির্দেশে ও সীমানা জটিলতার কারণে কমিশন ১২টির নির্বাচন স্থগিত করে। ভোটার তালিকা বিন্যাস না হওয়ায় কমিশন গতকাল সাবেক ছিটমহলে অন্তর্ভুক্ত আরও ১৫টি ইউপির নির্বাচন স্থগিত করেছে। এগুলো হলো পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি, কাজলদিঘি কালিয়াগঞ্জ, মারেয়া বামনহাট, বড়শশী, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, পাথরডুবি ও শিলখুরি এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর, বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ি, জগতবেড়, জোংড়া, বাওরা ও হাতীবান্দা উপজেলার গোতামারী।
প্রথম ধাপে ৭৫২টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সীমানা-সংক্রান্ত ও আইনি জটিলতার কারণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭৩৬টিতে। এসব ইউপিতে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ।