জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালকের এত ক্ষমতা!
কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় মো. শফিকুল ইসলাম ভূঞার প্রায় দুই কোটি টাকার ভূমি দখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী চক্র। জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত গাড়িচালক মো. শাহীন ভূঞার নেতৃত্বে তাঁর অপর দুই ভাই বাবুল ভূঞা ও মো. আবুল হোসেন ভূঞা দুই কোটি টাকা মূল্যের ৪৯ শতাংশ ভূমি জোর করে দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, মো. শফিকুল ইসলাম ও তাঁর ভাই রফিকুল ইসলাম পৈতৃক সূত্রে গাইটাল এলাকায় প্রায় ৬২ শতাংশ ভূমির মালিক। দীর্ঘদিন ধরে তাঁরা পরিবার-পরিজন নিয়ে ওই ভূমিতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত সরকারের আমলে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত গাড়িচালক প্রভাব খাটিয়ে ওই ভূমির ৪৯ শতাংশ দখল করে নিয়ে যান। বর্তমানে মোটা অঙ্কের ভূমি হারিয়ে শফিকুল ইসলাম ও তাঁর ভাই পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনটনে আছেন।ভূমি দখল করে নিয়ে যাওয়ার পর মো. শফিকুল ইসলাম পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পৌরসভার পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে উভয় পক্ষকে ডেকে সাবেক পৌর মেয়র একাধিকবার সালিস বৈঠক করেন। পরে সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া এক পত্রে বিবাদীপক্ষ গাড়িচালক শাহীন ভূঞা গংকে এই মর্মে জানিয়ে দেন, তাঁদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তাই দখলীয় ভূমি ছেড়ে দেওয়ার জন্য বিবাদীপক্ষকে সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু শাহীন ভূঞা পৌরসভার সিদ্ধান্ত না মেনে বেআইনিভাবে ভূমি দখল করে রাখেন।পরবর্তী সময়ে ২০০৯ সালের ৪ জুলাই এলাকার প্রভাবশালী ১৮ জনের দরবারি দুই পক্ষকে ডেকে একাধিক বৈঠক করেন। একাধিক বৈঠকের পর আমিনের (সার্ভেয়ার) মাধ্যমে সিএস, আরওআর সব কিছু পর্যালোচনা করে ১৮ জন স্বাক্ষর করে ভূমির প্রকৃত দাবিদার হিসেবে মো. শফিকুল ইসলাম গং বলে সিদ্ধান্ত দেন। তার পরও প্রভাবশালী চক্র দরবারের রায় না মেনে পুরো ভূমি দখলের অপচেষ্টা চালায়। পরে বাধ্য হয়ে ভূমির বিষয়ে মামলা পরিচালনা ও দেখভাল করার জন্য শফিকুল ইসলাম এলাকার বিশ্বস্ত হুমায়ূন কবীর ও এস এম জুবায়েরকে আমমোক্তারনামা গত ১৫ জানুয়ারি করে দেন। এ ঘটনা জেনে গাড়িচালক শাহীন ভূঞা তাঁকে তারা মারপিট করেছে—এ অভিযোগ এনে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা করেন।সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া জানান, যাবতীয় কাগজপত্র দেখে এ ভূমির মালিক মো. শফিকুল ইসলাম গং। শাহীন ভূঞার কোনো স্বত্ব ভূমিতে নেই।মো. শফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের ড্রাইভার বলে শাহীনকে সবাই ভয় পায়। সে আমাদের হুমকি-ধমকি দিয়ে ভূমি দখল করে নিয়েছে।’ দরবারের সভাপতি মো. লাল মাহমুদ আমীন জানান, সার্বিক বিষয় পর্যালোচনার পর ভূমি নিষ্কণ্টক মালিক শফিকুল ইসলাম গং। গায়ের জোরে শাহীন ভূঞা যা করছেন, তা বেআইনি ও অমানবিক। এদিকে গাড়িচালক শাহীন ভূঞা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ভূমি পৈতৃকসূত্রে পেয়েছি। আমাদের ভূমি আমরা যেকোনো উপায়ে দখলে নেব।’