জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালুচর এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওঁরাওদের চন্দনটিলা দখল চেষ্টার বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকালে সিলেটের রাজনৈতিক, নাগরিক ও ওঁরাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের নেতারা সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে চন্দনটিলা রক্ষার দাবি জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল চন্দনটিলা কাটা অবস্থায় দুই শ্রমিককে আটক করে মুচলেকা নেয়। পরে টিলার আশপাশ থেকে দখলে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয়।
ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটির সদস্যসচিব লক্ষ্মীকান্ত সিংহ প্রথম আলোকে জানান, জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট কাগজপত্র প্রত্যক্ষ করেন। পরে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযান চালানোর নির্দেশ দেন। বেলা দুইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চন্দনটিলার আশপাশ থেকে দখল-স্থাপনা গোটানো হয়েছে।
অভিযানে সন্তোষ প্রকাশ করলেও ফের দখল হয় কি না, এ নিয়েও দুশ্চিন্তার কথা জানায় ওঁরাওরা।