জেলা প্রশাসকের পুরস্কার-তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। ছবি: প্রথম আলো
মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। ছবি: প্রথম আলো

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পুরস্কার দিয়েছেন এবং তিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তিরস্কার করেছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত পিইডিপি-৩-এর দুদিনব্যাপী কম্পিউটার বেইজড অ্যাকাউন্টিং ট্রেনিং কর্মশালার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সদ্য শেষ হওয়া বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া মতলব উত্তর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সবচেয়ে খারাপ ফলাফল হওয়ায় হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার তিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তিরস্কার করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে এই কর্মশালায় জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, হিসাবরক্ষক ও অন্যান্য কর্মকর্তাসহ ৩০ জন অংশ নেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ফলাফল অনুযায়ী, ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার ৮ উপজেলায় ৪ হাজার ৮৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। শতকরা হিসাবে জিপিএ-৫ বেড়েছে মতলব দক্ষিণে ২১৬.৬৬, মতলব উত্তরে ১১২.১৮, চাঁদপুর সদরে ৭.৫৪, কচুয়ায় ২.৫১ ও শাহরাস্তিতে ৩.৮৯ ভাগ। আর শতকরা হিসাবে জিপিএ-৫ কমেছে হাজীগঞ্জে ৬.৬৩, হাইমচরে ৯.৬৭ ও ফরিদগঞ্জে ১.৫৮ ভাগ। 

সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলায় ২০১৬ সালকে শিক্ষা উন্নয়ন সাল ঘোষণা করা হয়েছে। ২০১৫ সালে যে সব কর্মকর্তা ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছেন তাঁদের লিখিতভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদপত্র দেওয়া হবে। আর অন্যদের অসন্তোষপত্র দেওয়া হবে।