জেলা প্রশাসকের হস্তক্ষেপে আগুন থেকে রক্ষা পেল ছয় বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সকাল ১০টা। নাটোর শহরের কেন্দ্রস্থল কানাইখালিতে স্থানীয় আকিব পরিবহনের ছয়টি বিলাসবহুল বাস জড়ো করে রাখা হয়েছে। দুপুর ১২টার মধ্যে এই পরিবহনের একটি বাস রাজশাহী থেকে বরিশালের পথে চলার অনুমতি না দিলে বাসগুলোর মালিক নিজে আগুন দিয়ে সব কটি বাস পুড়িয়ে ফেলবেন। মালিকের এই পূর্বঘোষণা গণমাধ্যমকর্মীরাসহ অনেকেরই জানা ছিল। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গণমাধ্যমকর্মীদের ব্যস্ততা বেড়ে যায়। এ খবর পৌঁছে যায় জেলা প্রশাসকের কার্যালয়ে। শেষ মুহূর্তে ওই পরিবহনের মালিক বাসিরুর রহমান খান চৌধুরীকে সেখানে ডেকে পাঠানো হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুন তাঁর দাবি মেনে নেন এবং বাস পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন। দাবি পূরণ হওয়ায় তিনি তাঁর কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানান সাংবাদিকদের। এর মধ্যে দিয়ে শেষ হয় টান টান উত্তেজনা। 

বাসিরুর রহমান খান চৌধুরী বলেন, তিনি জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের সুপারিশে তিনি ওই পদ হারান। একই সঙ্গে রাজশাহী থেকে বরিশালের পথে চলাচলকারী তাঁর একটি বাসের চলাচল (রুট পারমিট) বন্ধ করে দেয় মালিক সমিতি। গত রোববার সকালে রাজশাহী থেকে তাঁর নির্ধারিত বাসটি ফেরত পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে বাসিরুর রহমান খান চৌধুরী রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন, আজ সোমবার দুপুর ১২টার মধ্যে বাস চলাচলের বাধা প্রত্যাহার করা না হলে তিনি তাঁর কোম্পানির ছয়টি বাস নিজে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলবেন। এ ঘোষণা থেকেই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সত্যি সত্যি বাসগুলো পোড়ানোর জন্য জড়ো করা হলে উত্তেজনা আরও বেড়ে যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় প্রথমে বাসিরুর রহমানকে জেলা প্রশাসক ডেকে পাঠান। খবর পেয়ে তিনি শহর থেকে বাসগুলো সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে জেলা প্রশাসক তাঁকে জানিয়ে দেন, তিনি নির্ধারিত রাস্তায় বাস চলাচল করাতে পারবেন। বাসিরুর রহমান সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে বাস পোড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার ঘোষণা দেন। পরে মালিক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের ভাই সাজেদুল ইসলাম ও অন্য নেতারা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। দীর্ঘ সময় পর তাঁরা বের হয়ে গেলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
মিনিবাস সমিতির সাধারণ সম্পাদকের পদ হারানোর পেছনে সাংসদের হাত রয়েছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংসদ শফিকুল ইসলাম বলেন, ‘এটা আমার বিষয় নয়। এ অভিযোগ অযৌক্তিক।’

জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃত্ব নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ কারণে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি জানান, রুট পারমিট দেওয়ার এখতিয়ার বিআরটিএ কর্তৃপক্ষের। এ ক্ষেত্রে মালিক সমিতির কিছু করার নেই। তিনি সমিতির নেতাদের ডেকে সে কথা জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে বাসিরুর রহমানকে তাঁর বাস চালানোর অনুমতি দিয়েছেন।