জেলা প্রশাসন আয়োজিত শহীদ দিবসের অনুষ্ঠান বর্জন আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের তালিকায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নাম ৬ নম্বরে থাকার প্রতিবাদে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করেছে জেলা আওয়ামী লীগ। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট–১ আসনের সংসদ সদস্য সামছুল আলম এবং সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল মঙ্গলবার অভিযোগ করেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে যান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট–১ আসনের (সদর ও পাঁচবিবি) সংসদ সদস্য সামছুল আলম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ কিছু নেতা–কর্মী। সেখানে জেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণের তালিকায় জেলা আওয়ামী লীগের নাম ৬ নম্বরে থাকায় তাঁরা প্রতিবাদস্বরূপ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার অনেক পরে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) স্বাক্ষরিত তালিকা অনুসারে দেখা যায়, প্রথমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চেয়ারম্যান জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, মেয়র জয়পুরহাট পৌরসভা, তারপর জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ছিল।
সভাপতি ও সাংসদ সামছুল আলম এবং সাধারণ সম্পাদক সোলায়মান আলী অভিযোগ করেন, এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরই তালিকায় জেলা আওয়ামী লীগের নাম থাকার কথা। সেখানে আওয়ামী লীগকে ৬ নম্বরে রাখা হয়েছে। তাঁরা আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে গতকাল শহীদ ডা. আবুল কাশেম ময়দানে প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবেন না তাঁরা।
জেলা প্রশাসক আবদুর রহিম মুঠোফোনে বলেন, ‘শ্রদ্ধা নিবেদনের সময় এমপি মহোদয়কে মাইকে প্রথমেই ডাকা হয়েছে। পুষ্পস্তবক দেওয়ার জন্য তিনি আসেননি। এমপি সাহেবকে আলোচনা সভায় অংশ নিতে বলা হয়। ওনারা না আসলে এখন করার কী আছে।’