জেলা প্রশাসনের আয়োজনে বরিশালে হয়ে গেল হরিজন উৎসব
বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানের পাশে খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে হরিজন উৎসব। নগরের সৌন্দর্য রক্ষায় যাঁরা কাজ করেন, তাঁদের সম্মান জানাতে গত রোববার এ উৎসবের আয়োজন করা হয়। বরিশাল জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে।
‘পরিচ্ছন্ন করি আমরাই, আমরা তাই সম্মান ও সমৃদ্ধি চাই’ শিরোনামে জেলা প্রশাসক শহীদুল আলম উৎসবের উদ্বোধন করেন। চার শতাধিক পরিবারের প্রায় এক হাজার সদস্যকে নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘যাঁরা এক দিন আমার কার্যালয় পরিচ্ছন্ন করে না দিলে বসতে পারি না, তাঁদের পদে পদে অসম্মানিত করা হয়। এসব পিছিয়ে পড়া মানুষদের সম্মান করা নাগরিকদের দায়িত্ব।’
ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অনেক হরিজন সদস্য। এসএসসি পাস করা প্রীতি রানি বলে, তার খুব ভালো লাগছে। এখন আর তারা শুধু পরিচ্ছন্নতাকর্মী নয়, তাদের অনেকে বিভিন্ন পেশায় আছে। সেও চাকরি করে প্রতিষ্ঠিত হতে চায়।
হরিজন পরিবারের সদস্য জয়া দাস বলেন, ‘পেশায় কোনো ছোট-বড় নেই। আমাদের অবহেলা করলে তো মানুষকেই অবহেলা করা হয়। আজকের এই আয়োজন আমাদের পেশাকে নতুন করে স্বীকৃতি দিয়েছে। আমরা সম্মানিত হয়েছি। এটা যেন অব্যাহত থাকে।’
উৎসবে হরিজন পরিবারের নারী-পুরুষ সদস্যরা মোরগ লড়াই, হাঁড়িভাঙা, চকলেট দৌড়, বালিশ বদল ও ৫০ মিটার দৌড়ে অংশ নেন। সেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের মহিলা ক্লাবে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছউদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা পারভীন,
হরিজন সমিতির সভাপতি শানু লাল প্রমুখ।
আলোচনার পরপর অনুষ্ঠিত হয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। পরে ব্যান্ড সংগীত ও কৌতুক পরিবেশিত হয়। অনুষ্ঠানে আসা প্রতিটি হরিজন পরিবারের সঙ্গে পৃথক ছবি তুলে তা বাঁধাই করে দেওয়ার ব্যবস্থাও করা হয়। রাত নয়টায় নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব।