জেলা প্রশাসনের ইফতার পার্টিতে ভিক্ষুকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিবর মিয়ার চোখে বিস্ময়। কিছুতেই ঘোর কাটছে না। যা কখনো কল্পনাও করেননি, তা-ই ঘটে গেল পুনর্বাসিত এই ভিক্ষুকের জীবনে। তিনি গত রোববার মাগুরা সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রিত অতিথি ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও আটজন পুনর্বাসিত ভিক্ষুক। তাঁরা মন্ত্রী, সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে ইফতার করেন।

হবিবর মিয়ার (৭০) বাড়ি মাগুরা সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা আর ভিক্ষা করি না। আগে জানতাম না যে আমাগেরও সম্মান আছে। ডিসি সাহেব এই সম্মান দেছে। পাশে বসায় ইফতার করাচ্ছে। ৩০ বছর ভিক্ষা করছি। আগে জানলে ভিক্ষা করতাম না।’

সংকোচখালী গ্রামের সঞ্জু বিবি (৬৫) বলেন, ‘চিয়ারে বসতি ভয় লাগতিছিল। স্যারগের সামনে বসে ইফতারি করতিছি। খুব ভাল লাগতিছে। গর্ব হচ্ছে। মনে হচ্ছে, আমরাও মানুষ। ভিক্ষারিগের সম্মান নাই। সবাই ঘৃণা করে।’

এ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, সাংসদ মেজর জেনারেল (অব.) এ বি এম আবদুল ওয়াহাব, কামরুল লায়লাসহ জেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদর উপজেলার হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ইউনিয়নে হাতে গোনা কিছু মানুষ ভিক্ষাবৃত্তির মতো ঘৃণ্য পেশায় জড়িত। সরকারিভাবে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন তাঁদের ১৭৫ টাকা করে দেওয়া হচ্ছে। তাঁদের সম্মান জানাতে জেলা প্রশাসকের নির্দেশে ইফতার পার্টিতে নিমন্ত্রণ জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি কেউ যেন ভিক্ষার মতো পেশায় না থাকেন।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান বলেন, এই জেলায় ১ হাজার ৭১ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। তাঁদের গাভি, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। তাঁরা যাতে আর ভিক্ষাবৃত্তিতে ফিরে না যান, সে জন্য তত্ত্বাবধানও চলছে।

জেলা প্রশাসক মো. আতিউর রহমান বলেন, ভিক্ষা একটি প্রবৃত্তি। এটা থেকে বের হতে হলে সবার সহযোগিতা দরকার। ভিক্ষুকেরা মানুষ। যাঁদের পুনর্বাসন করা হয়েছে, তাঁদের ইফতার পার্টিতে ডেকে সম্মান জানানো হলো। এতে তাঁরা উৎসাহিত হবেন।