জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ফেসবুক মেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গতকাল বুধবার সকালে হয়ে গেল ফেসবুক মেলা। নানা সমস্যা ও সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে মানুষকে জানানোর জন্য ফেসবুক ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা।

তবে ফেসবুকের অনেক নেতিবাচক দিক থাকায় এ ধরনের মেলা সরকারিভাবে আয়োজন করা নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। জামালপুর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক মোস্তাফা বাবুল বলেন, ‘ফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া, যার মাধ্যমে তথ্য দুপক্ষই আদান-প্রদান করতে পারে। আর রেডিও, টেলিভিশন ও পত্রিকায় তথ্য আমরা শুধু দেখতে পাই বা পড়তে পারি। এর মাধ্যমে জনমত গড়ে তোলা যায়। এতে নাগরিকদের অনেক সমস্যার সমাধান হয়। তবে এর খারাপ দিক রয়েছে। যার মাধ্যমে সমাজে অনেক অপরাধ সংঘটিত হয়ে থাকে। এর ফলে এখানে ফেসবুক ব্যবহারকারীদের সামাজিকভাবে ভদ্রতা ও শিষ্টতা উপলব্ধি করতে হবে। তা না হলে ফেসবুক মেলা আয়োজনে সফলতা আসবে না।’

ফেসবুক মেলা উপলক্ষে সকাল ১০টায় জেলা শহরের বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, সরকারের উৎসাহেই এই প্রথম নাগরিকদের সুবিধার জন্য জামালপুরে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেসবুকের মাধ্যমে নাগরিকেরা তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে পারেন। এখানে ফেসবুক ব্যবহারে ইতিবাচক বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।