জেলা প্রশাসনের তদন্ত কমিটির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে এইচএসসি পরীক্ষায় শিক্ষকদের সহযোগিতায় নকলের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গত মঙ্গলবার সকালে তদন্ত দলটি আমতলী যায় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে। গতকাল বুধবারও তারা কার্যক্রম অব্যাহত রাখে।
তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আমতলীর বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছি। আশা করি, অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারব।’
এর আগে সোমবার এ ঘটনায় গঠিত বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তদন্ত দলটি সরেজমিনে ঘটনার সত্যতা পান এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমতলীর এইচএসসি পরীক্ষার কেন্দ্র সাময়িক স্থগিত করে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে প্রশ্নপত্র ফাঁস করে নকলে সহযোগিতার দায়ে অভিযুক্ত শিক্ষকদের শাস্তি এবং সব ধরনের পরীক্ষার দায়িত্ব থেকে তাঁদের এক বছর করে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।
৯ মে ‘শিক্ষকদের সহযোগিতায় নকল’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।