জেলা প্রশাসনের তদন্ত কমিটির মেয়াদ বেড়েছে ২০ কর্মদিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত কমিটির মেয়াদ আরও ২০ কর্মদিবস বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার কমিটির তদন্ত শেষ করার সাত দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।নির্ধারিত সময়ে তদন্তকাজ শেষ না হওয়ায় কমিটি ২০ দিন সময় বাড়ানোর জন্য গত বুধবার জেলা প্রশাসকের কাছে আবেদন করে। জেলা প্রশাসক গতকাল বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির মেয়াদ বাড়ানোর আবেদন অনুমোদন করেন। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী জানান, পোড়া ট্রেনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পেতে দেরি হতে পারে বিধায় সময় বাড়ানোর আবেদন অনুমোদন করেছেন জেলা প্রশাসক।এদিকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল গত কাল বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালকের ঢাকার অফিসে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আনহার মাহমুদ জানান, প্রধান প্রকৌশলী আমজাদ হোসেনের নেতৃত্বে গঠিত ওই কমিটির পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন রেলওয়ের মহাপরিচালকের দপ্তরে জমা দেওয়া হয়।গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মূলীবাড়ী রেলগেটসংলগ্ন মাঠে ছাত্রদল আয়োজিত ছাত্র গণজমায়েত চলার সময় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা ট্রেনের ১১টি বগিতে আগুন ধরিয়ে দেয়। ট্রেনে আগুন দেওয়া ও হামলার ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পাঁচটি এবং জিআরপি থানায় তিনটিসহ মোট আটটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত বিভিন্ন মামলায় ৭৩ জনকে গ্রেপ্তার করেছে।