জেলা প্রশাসনের তদন্তে জেএসএসের উদ্বেগ, বিপণিকেন্দ্র বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা তদন্তে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বেশ কিছু অংশকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গতকাল মঙ্গলবার সমিতি তাদের উদ্বেগ জানিয়ে বক্তব্য প্রকাশ করে। অপর দিকে ঘটনার সময় তবলছড়ি বাজার, বনরূপার বিএম শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ীর হামলায় অংশগ্রহণের অভিযোগে আদিবাসীরা ওই বাজার ও বিপণিকেন্দ্র বর্জন অব্যাহত রেখেছে।জনসংহতি সমিতির বক্তব্যে বলা হয়, জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে নানা সুপারিশ পেশ করা হলেও সার্বিকভাবে প্রতিবেদনে হামলার পূর্ণাঙ্গ, বস্তুনিষ্ঠ ও প্রকৃত ঘটনার বিবরণ উপস্থাপিত হয়নি। বক্তব্যে আরও বলা হয়, রাঙামাটি সরকারি কলেজের পাহাড়ি-বাঙালি ছাত্রদের মধ্যকার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে পূর্বপরিকল্পনা অনুসারে শহরের বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা করা হয়েছে। হামলায় প্রত্যক্ষভাবে জড়িতদের এড়িয়ে আদিবাসীদের ওপর দায়ভার চাপানো, হামলা প্রতিরোধের সব ব্যর্থতার ভার কলেজ কর্তৃপক্ষ ও কতিপয় কলেজশিক্ষকের ওপর চাপানো, প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাকে ধামাচাপা দিতে তাদের কাজের প্রশংসার স্তুতি এবং পাহাড়ি-বাঙালির ক্ষোভ ও চাঁদাবাজির অজুহাতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। প্রশাসনের এ ধরনের প্রতিবেদন উদ্বেগজনক।বক্তব্যে অভিযোগ করা হয়, ২২-২৩ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা অগ্রহণযোগ্য এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে অচলাবস্থার মধ্যে রাখার চলমান নীতিরই ধারাবাহিকতা।২২ সেপ্টেম্বরের ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ীর জড়িত থাকার অভিযোগ তুলে বাজার বর্জন শুরু করে আদিবাসীরা। পরবর্তীকালে ৬ অক্টোবর তবলছড়ি বাজার কমিটি হাটের দিনে বাজারে আসা বিভিন্ন মৌজা ও ইউনিয়নের চেয়ারম্যানসহ হেডম্যানদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে আদিবাসীরা হামলাকারীদের মধ্যে মাছ ব্যবসায়ী মো. নূর আলম, তরকারি বিক্রেতা মো. হাফিজের ছোট ভাই ও মাহাবুব সেন্টারের কর্মচারী মো. জামালের নাম উল্লেখ করে শাস্তির দাবি জানায়। তবে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও মুচলেকা গ্রহণ করা হলেও আদিবাসীরা অজ্ঞাত কারণে বাজারে আসছে না বলে নিশ্চিত করেছেন বাজার কমিটির সভাপতি জহির আহমদ চৌধুরী।রাঙামাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল আলম আশা প্রকাশ করেছেন, আদিবাসীরা কয়েক দিনের মধ্যে বিপণিকেন্দ্র দুটিতে আসতে শুরু করবে। তিনি জানান, গত শনিবার সাত নম্বর ওয়ার্ডে পাহাড়ি-বাঙালি সমন্বয়ে একটি শান্তি-সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে হামলায় যেসব দোকান কর্মচারী জড়িত ছিলেন বলে খবর পাওয়া গেছে, তাঁদের সাবধান করে দেওয়া হয়েছে।