জেলা প্রশাসনের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নামের বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আবদুল হাই বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন। এতে আসামি করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাঁটলিপিকার আকবর হোসাইন, ভূমি হুকুমদখল শাখার সার্ভেয়ার জুবায়ের আহমেদ, কাননুগো মো. সেকান্দর আলী, অতিরিক্ত ভূমি দখল কর্মকর্তা মো. ফারুক এবং ভূমি হুকুমদখল কর্মকর্তা সনজীদা শরমিন।কোতোয়ালি থানার উপপরিদর্শক উৎপল বড়ুয়া মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।আরজিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রকল্প সম্প্রসারণের জন্য ২০১১ সালে জনৈক আকবর হোসাইনের ১০ শতক টিলা ভূমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। জায়গাটি টিলা হিসেবে খতিয়ানভুক্ত হওয়ার পরও রেকর্ড পরিবর্তনের মাধ্যমে ভিটা উল্লেখ করে প্রকৃত দাম ১৩ লাখ ২৫ হাজার ৮৩৭ টাকার পরিবর্তে ৯১ লাখ ৩৬ হাজার ৩৮৮ টাকা দেখানো হয়। পরস্পরের যোগসাজশে ৭৮ লাখ ১০ হাজার ৫১১ টাকা আত্মসাৎ করা হয়।