চট্টগ্রামে ঘুষ দাবির অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করেছেন চাকরিপ্রার্থী এক তরুণীর বাবা। গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই মামলা হয়।আদালতের বিচারক এস এম মজিবুর রহমান অভিযোগের বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা শাখার সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, মেহের আরজু নামের এক তরুণী এবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে নিয়োগপত্র নিতে প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যান। এ সময় তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন শিক্ষা কর্মকর্তা দেবেশ। নইলে নিয়োগ দেওয়া হবে না বলে মেহেরকে জানানো হয়। মেহেরের কৌঁসুলি মো. রবিউল হোসেন মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ঘুষ না দেওয়ায় মেহের আরজু নিয়োগপত্র পাননি। এ কারণে তাঁর বাবা গিয়াসউদ্দিন আইনের আশ্রয় নেন। আদালত তাঁর অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।