জেলা বা দলভিত্তিক মূল্যায়নে মেধাবীরা বঞ্চিত হন: ড. কামাল
নির্দিষ্ট জেলা, অঞ্চল বা দলভিত্তিক মূল্যায়নে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হন বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। আজ শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। আলোচনায় কামাল হোসেন বলেন, রাষ্ট্রক্ষমতায় যখনই যে এসেছেন, শুধু ভোগই করেছেন। সব দলের কাছে গ্রহণযোগ্য নয় এমন নির্বাচন নির্ভেজাল গণতন্ত্র আনবে না।
আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণ এই সরকারকে পছন্দ করছে না, কিন্তু তার পরও কোনো আন্দোলন হচ্ছে না। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নিয়ে আন্দোলন করলে জনগণ আসবে না। আন্দোলনের পর যারাই ক্ষমতায় আসুক না কেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার কোনো নিশ্চয়তা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার ৫ জানুয়ারির ভুয়া, প্রহসনমূলক, অদ্ভুত নির্বাচন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। বিদেশিদের এনে নকল ক্রেস্ট দিয়েছে, সনদ নকল করছে, কিন্তু তাঁরা আবার মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করেন বলে দাবি করছেন।
সংগঠনটির প্রধান সমন্বয়কারী সায়মন কামালীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, আইনজীবী নাসিমউদ্দিন অসীম,পারভেজ আহমেদ প্রমুখ।