জেলা বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধার আমরণ অনশন
দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর এই চার উপজেলা নিয়ে বিরামপুর জেলা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এক মুক্তিযোদ্ধা। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিরামপুর উপজেলার বিরামপুর-ঢাকা মোড়ের যাত্রী ছাউনিতে এই কর্মসূচি শুরু করেন স্থানীয় মুক্তিযোদ্ধা অজিত রায়। অজিত রায়ের এই কর্মসূচির প্রতি ওই চার উপজেলা পরিষদের চেয়ারম্যানরসহ দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের (দিদউফ) সভাপতি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপাচার্য প্রফেসর নজরুল ইসলাম সমর্থন জানিয়েছেন।অজিত রায়ের অনশনস্থলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন হাকিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বিরামপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, দিনাজপুর জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আবদুল আজিজ সরকার, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধা অজিত রায় বলেন, বাংলাদেশে ১৩টি উপজেলা নিয়ে কোথাও জেলা নেই। তা ছাড়া এই চার উপজেলা থেকে দিনাজপুর জেলা শহরের দূরত্বও অনেক। দূরত্বের কারণে এসব এলাকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরও বলেন, ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী এই চার উপজেলার কেন্দ্র ও সংযোগস্থল বিরামপুর। বিরামপুরে জেলা বাস্তবায়ন এই চার উপজেলার জনগণের প্রাণের দাবি। বহুদিন ধরে এই এলাকার জনগণ বিরামপুরে জেলার দাবিতে আন্দোলন করে আসছে। এই চার উপজেলার জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি এই কর্মসূচি শুরু করেছেন।