কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুই পক্ষ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে আলাদা প্রার্থী দিয়েছে। আগামী ১৯ মে ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের (সাক্কু) অনুসারী প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। তাঁর প্যানেল থেকে চেয়ারম্যান পদে কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ ও নারী ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ফাতেহা আক্তার ওরফে বিপ্লবী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই দিন বেলা তিনটায় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন ১৯-দলীয় জোটের প্রার্থীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হককে চেয়ারম্যান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এ কে এম এমদাদুল হক ওরফে মামুনকে ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সদস্য জেসমিন চৌধুরীকে নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দেওয়া হয়। মেয়র মো. মনিরুল হক বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রার্থী মনোনয়নের সময় আমার সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। তাই আমি দলের ত্যাগী নেতাদের নিয়ে প্যানেল জমা দিয়েছি।’ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘১৯-দলীয় জোট প্রার্থী ঘোষণা করেছে। এর বাইরে কেউ প্রার্থী ঘোষণা করলে এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন জোটের কোনো সম্পর্ক নেই।’