জেলা বিএনপির সভাপতিসহ এক শ নেতা-কর্মী আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি শরীফুল আলমের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির ১০০ জন নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে।
গত মঙ্গলবার কুলিয়ারচর থানায় পুলিশ মামলা দুটি দায়ের করে। উভয় মামলায় শরীফুল আলমকে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুবদলের সদস্য মো. রতন ও মোতাহার মিয়া এবং ছাত্রদলের সদস্য নয়ন মিয়া।
এজাহারের বিবরণ অনুযায়ী, ২২ নভেম্বর জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এতে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে সভাপতি করা হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত সোমবার কিশোরগঞ্জ শহরে এ কমিটির সভাপতিকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। এ ছাড়া ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে তাঁকে সংবর্ধনা দিতে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সোমবার সকালে শরীফুল আলম ঢাকা থেকে গাড়িবহর নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর গাড়িবহর কুলিয়ারচরের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে তিনি মঞ্চে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে সভার কার্যক্রম চালানোর চেষ্টা করলে পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা করে। একপর্যায়ে পুলিশ পাঁচটি গুলি ছোড়ে। এ সময় ১২ জন নেতা-কর্মী আহত হন। আধা ঘণ্টার ব্যবধানে শরীফুল আলম আগরপুর বাসস্ট্যান্ডে পথসভায় উপস্থিত হন। সেখানে পুলিশের লাঠিপেটায় আটজন নেতা-কর্মী আহত হন। পুলিশ ১২টি গুলি ছোড়ে। দুপুরের পর কিশোরগঞ্জ শহরের রথখোলায় আয়োজিত সভায়ও শরীফুল আলম বাধার মুখোমুখি হন।
কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদ বলেন, শরীফুল আলমের জনসভার কারণে মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ বাড়ে।