জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিএনপির দুই সহযোগী সংগঠনের কোন্দলে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে শহরের ঝিলটুলী মহল্লায়।বিএনপি-সংশ্লিষ্ট সূত্র জানায়, যুবদলের সভাপতি রশিদুল ইসলামের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেনের বিরোধ ছিল। তা মেটাতে গত রোববার বিকেল পাঁচটায় জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শহরের ঝিলটুলীস্থ তাঁর বাসায় এক সভা আহ্বান করেন। সভা থেকে বের হয়ে জুলফিকারের সমর্থকেরা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে রশিদুল ইসলামের সমর্থকদের ধাওয়া করে। পরে রশিদুল ইসলামের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে জুলফিকারের সমর্থদের পাল্টা ধাওয়া করে এবং ঝিলটুলী এলাকার আ. করিম মিয়া সড়কে অবস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলীর নবনির্মিত দোতলা বাড়িতে হামলা করে। হামলাকারীদের ঢিলের আঘাতে বাড়ির নিচতলা ও দোতলার জানালার কাচ ভেঙে যায়।স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন বলেন, ‘১২ বছর ধরে রশিদুল যুবদলের সভাপতি থাকলেও তাঁর নিষ্ক্রীয়তার কারণে যুবদলের সদস্যরা স্বেচ্ছাসেবক দলে যোগ দেওয়ায় সে আমার ওপর ক্ষুব্ধ হয়।’জেলা যুবদলের সভাপতি রশিদুল ইসলাম সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার বিষয়টিকে দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, ‘এর সঙ্গে আমি বা আমার কোনো সমর্থক জড়িত নন।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী বলেন, ‘আগামী আন্দোলনকে নস্যাৎ করতে ভেতর থেকে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।’