জেলা ভিত্তিতে মূল্যায়নে মেধাবীরা বঞ্চিত হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, সরকার নির্দিষ্ট জেলা, অঞ্চল বা দলীয় ভিত্তিতে মানুষের মূল্যায়ন করলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হন। তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় যখনই যে এসেছে, শুধু ভোগই করেছে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, এক দলের কাছে গ্রহণযোগ্য হলো, বাকিদের কাছে হলো না— এমন নির্বাচন দেশে নির্ভেজাল গণতন্ত্র আনবে না। স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় কামাল হোসেন বলেন, ‘জাতি হিসেবে আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম। ৪৩ বছর পর কেন জাতীয় ঐক্যের কথা বলতে হচ্ছে?’ তিনি আরও বলেন, সংবিধানের মূলনীতির ওপর ভিত্তি করেই বিকল্প রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। যোগ্য নেতৃত্ব পেলে বাংলাদেশের বিশ্বনেতা হওয়ার সক্ষমতা রয়েছে।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণ এই সরকারকে পছন্দ করছে না, তাও আন্দোলন হচ্ছে না। মাঠে নামলেই অত্যাচার-নির্যাতন—এটাই শুধু কারণ নয়, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, তাদের নিয়ে আন্দোলন করলে জনগণ আসবে না। তিনি বলেন, আন্দোলন করে পরে যারাই ক্ষমতায় আসুক, জনগণের অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা তো নেই। পরিবারতন্ত্র, লুটেরারা বাংলাদেশের ক্ষমতায় না থাকলে দেশ আরও এগিয়ে যেত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ৫ জানুয়ারির ভুয়া, প্রহসন, অদ্ভুত নির্বাচন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বর্তমান সরকার। বিদেশিদের নকল ক্রেস্ট দিচ্ছে, সনদ নকল করছে, আবার বলছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করছে।
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী সায়মন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, আইনজীবী নাসিমউদ্দিন, পাভেজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।