জেলা শহরে শহীদ রফিকের ভাস্কর্য চান মানিকগঞ্জবাসী
ভাষা আন্দোলনের ৬৫ বছরেও মানিকগঞ্জ জেলা সদরে শহীদ রফিকউদ্দিন আহমদের কোনো ভাস্কর্য বা ম্যুরাল নির্মাণ করা হয়নি। ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জেলা শহরে তাঁর ভাস্কর্য নির্মাণের দাবি মানিকগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষের।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা শহরের খালপাড় এলাকায় শহীদ রফিকের পরিবারের সদস্য ও সংগ্রামী ভাষাসৈনিকদের সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা জেলা শহরে শহীদ রফিকের নামে একটি মুক্তমঞ্চ ও তাঁর স্মৃতির নিদর্শন হিসেবে একটি ভাস্কর্য নির্মাণের দাবি জানান। এ ছাড়া বিগত সময়ে ভাষার মাসে বিভিন্ন আলোচনা সভা ও অনুষ্ঠানে একই দাবি তোলা হয়। তবে এত দিনেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য ও মানিকগঞ্জ বারের প্রবীণ আইনজীবী আজহারুল ইসলাম বলেন, রফিক সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র ছিলেন। অথচ তাঁর নামে কলেজের কোনো ছাত্রাবাস করা হয়নি। জেলা শহরের কোথাও তাঁর কোনো ম্যুরাল নেই। তাঁর নামে জেলা শহরের শহীদ রফিক সড়ক নামকরণ করা হয়েছে শুধু।
২০০৮ সালে রফিকের জন্মস্থান জেলার সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের পারিল গ্রামে তাঁর নামে একটি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। এটি জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানেও ভাষাশহীদের কোনো স্মৃতিচিহ্ন না থাকায় দর্শনার্থীদের আগমন খুবই কম। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগারে বই থাকলেও জাদুঘরে শহীদ রফিকের কোনো স্মৃতিচিহ্ন নেই। ভবনের সামনের দিকে দেয়ালে শহীদ রফিকের একটি ম্যুরাল ও ভেতরে দুটি ছবিই যেন জাদুঘরের নিদর্শন। জাদুঘর থেকে ২৫০ থেকে ৩০০ গজ দূরেই শহীদ রফিকের পৈতৃক ভিটা।
মানিকগঞ্জের সাংস্কৃতিক কর্মী দীপক কুমার ঘোষ বলেন, ‘ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা মায়ের ভাষা বাংলা পেয়েছি। পরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল ভাষা আন্দোলন। ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্ম মানিকগঞ্জে। এ জন্য আমরা গৌরববোধ করি। অথচ তাঁর স্মরণে এখনো জেলা শহরে কোনো ভাস্কর্য বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি।’ তিনি জেলা শহরের খালপাড় চার রাস্তার মোড়ে (জেলা প্রশাসকের বাসভবনের সামনে) শহীদ রফিকের ভাস্কর্য নির্মাণের দাবি জানান।
কলেজশিক্ষক সাইফুদ্দিন আহমেদ বলেন, জেলা শহরে শহীদ রফিকের কোনো ভাস্কর্য নির্মাণ করা হলে তাঁর সম্পর্কে জানার পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ জন্মাবে নতুন প্রজন্মের মধ্যে।
উন্নয়নকর্মী বিমল রায় বলেন, ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক। অথচ জেলা সদরে তাঁর কোনো ভাস্কর্য, এমনকি ম্যুরালও নেই। ভাষা আন্দোলন ও ভাষাশহীদের প্রতি সম্মান জানাতে জেলা শহরে অন্তত তাঁর একটি ভাস্কর্য নির্মাণ করা প্রয়োজন এবং সেটা জরুরি।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ‘জেলা শহরে ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদের ভাস্কর্য হোক এটা আমিও চাই। বিষয়টি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে।’