জেলা সমন্বয় কমিটির বৈঠকে ক্ষোভ, তদারকির আশ্বাস বিএডিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে খাল পুনঃখনন করতে গিয়ে আরও সরু করে ফেলা এবং সঠিকভাবে খনন না করার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
একই বৈঠকে বিষয়টি সঠিকভাবে তদারকের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ প্রকল্পের নরসিংদী জেলা শাখার নির্বাহী প্রকৌশলী ফোরদৌসুর রহমান।
৪ মার্চ প্রথম আলোয় ‘খাল পুনঃখননের দশা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকৌশলী ৭ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করেন। খাল পুনঃখননটি বিএডিসির তত্ত্বাবধানে ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে ইউএনও স্থানীয় জনপ্রতিনিধিদের বরাত দিয়ে বলেন, খাল পুনঃখননের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউএনও কিছুই জানেন না। এ বিষয়ে তাঁদের সঙ্গে বিএডিসির কোনো কর্মকর্তা সমন্বয়ও করেননি। এ কারণে খালটি সঠিকভাবে পুনঃখনন হচ্ছে না। পরে প্রকৌশলী দুঃখ প্রকাশ করে বিষয়টি সঠিকভাবে তদারকের আশ্বাস দেন।
জানতে চাইলে ফোরদৌস প্রথম আলোকে বলেন, ‘সরেজমিনে দেখতে পেয়েছি, খালের প্রস্থ আগে অনেক বেশি ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমার বদলির অর্ডার হয়েছে। আমার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হবেন, আমি উনাকে সঠিকভাবে তদারক করার অনুরোধ করব।’