জেলা সাংস্কৃতিক কর্মকর্তার অপসারণ দাবি
শিল্পকলা একাডেমির সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তকে অপসারণের দাবি জানিয়েছেন সংস্কৃতি ও নাট্যকর্মীরা। প্রবীণ এক সংগীতশিল্পীকে ‘অপমান ও লাঞ্ছিত’ করাসহ নানা অনৈতিক অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার এক সভা থেকে এ দাবি করা হয়।
সিলেটের সাংস্কৃতিক কর্মীবৃন্দের ব্যানারে বিকেল চারটার দিকে নগরের শারদা হলের সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে ওই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কৃষাণ সিংহ। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সঙ্গে দেখা করে ওই কর্মকর্তার অপসারণের আনুষ্ঠানিক দাবি জানানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে শিল্পকলা একাডেমির সভাপতি হিসেবে জেলা প্রশাসকের সন্তোষজনক জবাব না পেলে আগামীকাল শনিবার থেকে একাডেমির শিক্ষকেরা ক্লাস বর্জন এবং স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীরা একাডেমির সব ধরনের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেবেন বলে জানানো হয়।
যোগাযোগ করা হলে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত সিলেটের প্রবীণ ওই শিল্পীর সঙ্গে অসদাচরণ করার বিষয়টি অস্বীকার করেন।