জেলা সিপিবির সভাপতিকে শামীম ওসমানের হুমকি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান এবার জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম ও জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই দুই নেতা। পুলিশ তা গ্রহণ করলেও সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করেনি।জেলা সিপিবি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম গতকাল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ তাজুল স্মরণসভার প্রস্তুতি তদারক করছিলেন তিনি। ওই সময় যুবলীগের নেতা বাদল রায় তাঁকে ডেকে বলেন, ‘তোমাকে শামীম ভাই ডাকছে।’ তখন তিনি গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস ও বাসদ নেতা আবু নাঈম খানকে নিয়ে শহীদ মিনারের গেটের কাছে গিয়ে দেখেন, গেটের সামনে কালো রঙের গাড়িতে বসা শামীম ওসমান। সেখানে শামীম ওসমান প্রদীপ ঘোষ ও তাঁর (হাফিজুল) উদ্দেশে বলেন, ‘অনেক বাইর্যা গেছস। অনেক গভীরে হাত দিয়ে ফালাইছস, সামাল দিতে পারবি না। বউ-পোলাপান নিয়া শহরে থাকতে পারবি না। আজ থেইকা নারায়ণগঞ্জের অবস্থা কী হয় দেখবি।’ এরপর শামীম ওসমান গাড়ি নিয়ে চলে যান।হাফিজ ও প্রদীপ তাঁদের লিখিত অভিযোগে বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়ায় তাঁরা পরিবার-পরিজন ও সহযোগী নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শামীম ওসমান ও তাঁর অনুগত লোকজন যেকোনো সময় তাঁদের যেকোনো ক্ষতি করতে পারেন।দুজনকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘আমি ওদের (প্রদীপ ও হাফিজুর) চিনিই না, ওরা কারা।’যোগাযোগ করলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তবে জিডি হিসেবে নথিভুক্ত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।অথচ ১৬ মার্চ মেয়র আইভীর বিরুদ্ধে শামীম ওসমানের করা জিডি সঙ্গে সঙ্গে গ্রহণ করেছিল একই থানার পুলিশ।