জেলা হাসপাতালকে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকার ওপর চাপ কমাতে সরকার জেলা হাসপাতালগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম সার্ক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, দেশে বেশ কয়েকটি বিশ্বমানের হাসপাতাল আছে। দেশেই উন্নত মানের ওষুধ তৈরি হচ্ছে। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিমাণ কমেছে। তিনি বলেন, তাঁর সরকার কমিউনিটি ক্লিনিক চালুসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। সরকার চিকিৎসা যন্ত্রপাতির আমদানি কর মওকুফ করেছে। চার হাজার ৫৫৩টি ইউনিয়নে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। প্রতিটি গ্রাম টেলিমেডিসিন সেবার আওতায় আসছে। ২৪ ঘণ্টা মুঠোফোনে চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে। এসব কারণে দেশে শিশু ও মাতৃস্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের মানুষের গড় আয়ু বেড়ে প্রায় ৭০ বছর হয়েছে।তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের আগে শেখ হাসিনা বলেন, সার্কভুক্ত দেশগুলোতে নানা সমস্যা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্র্য। অথচ এই অঞ্চলের মানুষ সৃজনশীল, কর্মঠ ও উদ্যোগী। এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান এ বি এম মাকসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।