প্রতিবেশী দেশ ভারতে সোয়াইন ফ্লুর বিস্তার হওয়ায় বাংলাদেশে রোগটির বিস্তার রোধে ৬৪ জেলা হাসপাতালে বিশেষ ইউনিট খোলার এবং ওষুধ সংগ্রহ ও মজুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয় বিষয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওই সভায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে স্থাপিত সাতটি থার্মাল স্ক্যানার দিয়ে বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের জ্বর পরীক্ষার কাজে ব্যবহারের জন্য নির্দেশ দেন। সভায় সিদ্ধান্ত হয়, যদি কেউ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন, তবে সঙ্গে সঙ্গে তাঁকে বিশেষ ইউনিটে পাঠিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ছাড়া সব বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে কর্তব্যরত মেডিকেল দলগুলোকে সতর্ক থেকে এই সংক্রামক রোগ প্রতিরোধে প্রস্তুত থাকতে বলা হয়েছে।