জেলাগুলোকে পৃথক রাষ্ট্রের মতো গড়ে তোলা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৬৪টি জেলাকে পৃথক রাষ্ট্রের মতো করে গড়ে তোলা হবে। সে জন্য জেলা সদরগুলোকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় এ কথা বলেছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জেলাকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ২০১৮-১৯ সালের মধ্যে এক কোটি ৪৫ লাখ দক্ষ জনশক্তি গঠনের কাজ চলছে। কেন্দ্রীয় আমলাতন্ত্রকে সংকুচিত করে জেলায় জেলায় পাঠিয়ে স্থানীয় সরকার পরিষদে পদায়ন করে পরিষদের ক্ষমতা বাড়ানো হবে। প্রতিটি জেলায় ২০ থেকে ২২ লাখ জনগণ আছেন। দেশকে উন্নয়নের পথে নিতে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্য জেলা শহর নিয়ে আমাদের নতুন পরিকল্পনা আছে। জেলা পরিষদের ক্ষমতা বাড়ানো হবে। এসব প্রতিষ্ঠান হবে দায়িত্বশীল ও সত্যিকারের জনগণের প্রতিষ্ঠান।’
সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে অনেক বাধা-বিপত্তির আশঙ্কা করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে সরকারের বড় প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দের বিস্তারিত বিবরণ থাকবে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারকে বড় ধরনের বৈদেশিক ঋণের পথে হাঁটতে হবে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে শুধু রাষ্ট্রের সংকটের কথা বলতে হতো। এখন সেই সংকট উত্তরণ করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এটা করতে সক্ষম হয়েছে।
সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কথা তুলে ধরে আবুল মাল আবদুল মুহিত বলেন, ১০ থেকে ১৪ শতাংশ মানুষ সব সময়ই রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকেন। সরকারের বাণিজ্যের কলেবর হবে জাতীয় আয়ের অর্ধেক। এতে দারিদ্র্য থাকবে না। জীবন-যাপনের মান উন্নত হবে। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্প হয়ে গেলে গ্যাসের কোনো সংকট থাকবে না। ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসারে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হবে। তবে বাসা-বাড়ির রান্নার জন্য গ্যাস কোনো দিন দেওয়া হবে না।
অর্থমন্ত্রী বলেন, পদ্মাসেতুতে তিন বিলিয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ১২ বিলিয়ন, মহেশখালী পাওয়ার প্ল্যান্টে তিন বিলিয়ন, মেট্রোরেল প্রকল্পে দুই বিলিয়ন ও পায়রা সমুদ্র বন্দরে পাঁচ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। উচ্চাভিলাষী এ লক্ষ্য বাস্তবায়নে সরকারকে সতর্কভাবে এগোতে হবে।
মন্ত্রী আরও বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়লেও তা যথাযথ নয়। এখন শতকরা ৯৩-৯৫ ভাগ হলেও তা গ্রহণযোগ্য নয়। এ জন্য দক্ষতা আরও বাড়াতে হবে। মানব সম্পদের দক্ষতা বাড়াতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হলে রেমিট্যান্স আরও বাড়ানো সম্ভব। তাই ২০১৮-১৯ সালের মধ্যে এক কোটি ৪৫ লাখ দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তা না হলে ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করতে গিয়ে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘কমলাপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আপনি চড়েননি। আপনি এখন বলছেন ট্রেনে চড়বেন। কিন্তু ট্রেন ফিরে আসবে পাঁচ বছর পর। খালেদা জিয়া যদি শেখ হাসিনার সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নেন, সে ক্ষেত্রে পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মারার জন্য তাঁকে জবাবদিহি করতে হবে।’

রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করতে গিয়ে সাংসদ মেহজাবিন খালেদ অভিযোগ করেন, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করতে জিয়াউর রহমানকে বাংলাদেশে পাকিস্তানের চর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন বলেন, ১৯৭৭ সালে পাকিস্তান সফরে গিয়ে জিয়া পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের ষড়যন্ত্র করেছিলেন। তিনি সেনাবাহিনীতে গোপনে পাকিস্তান ফেরত সৈনিকদের নিয়ে বৈঠক করে সরকার বিরোধী তৎপরতা চালিয়েছিলেন। তিনি পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে চট্টগ্রামে জিয়ার নির্দেশে আঠারো শ বাঙালি সৈনিক অস্ত্র জমা দিয়েছিল। এর কিছুক্ষণ পর পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালি সৈনিকদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় বারো শ সৈনিক মারা যান।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন মামুনুর রশীদ, গোলাম রাব্বানী, আক্তার জাহান প্রমুখ। সবশেষে সংসদের অধিবেশন ২২ ফেব্রুয়ারি বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।