মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত করা হয়, তাহলে জাতির মেধা বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু রাজধানীতে থাকা বাংলাদেশের মতো জনবহুল একটি দেশের জন্য তা সুখবর নয়।
গতকাল সোমবার মানিকগঞ্জে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা: প্রেক্ষাপট মানিকগঞ্জ’ শীর্ষক এক সেমিনারে লেখক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ডায়মন্ড কনভেনশন সেন্টার মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)।
সেমিনারে এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন এসইউবির ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ আ আ আ আসাদুজ্জামান।
সৈয়দ আবুল মকসুদ বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলেমেয়ে সারা দেশে ছড়িয়ে আছে। তাদের উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। এ জন্য জেলা পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এতে উচ্চশিক্ষা অর্জনে বৈষম্য অনেকটা দূর হবে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে।