সরকার পরিচালনার পাশাপাশি এবার দল গোছানোর এবং চাঙা করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল চারটায় গণভবনে জেলাপর্যায়ের নেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মশালায় অংশ নিচ্ছেন দলের ৭২টি সাংগঠনিক জেলার তথ্য ও গবেষণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপসম্পাদকেরা।আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৩ নভেম্বর থেকে তিনি ধারাবাহিকভাবে জেলার নেতাসহ দলীয় সমর্থক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শুরু করবেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও দলীয় সাংসদেরা উপস্থিত থাকবেন।জানা যায়, কর্মশালা উদ্বোধনের পর আওয়ামী লীগের সভানেত্রী মাঠপর্যায়ের নেতাদের সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেবেন। প্রথম দিনের কর্মশালা চলবে রাত আটটা পর্যন্ত। কাল শনিবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালা হবে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।দলীয় সূত্র জানায়, এই কর্মশালা উপলক্ষে দলের সাংগঠনিক এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড এবং বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের নানা তথ্যসংবলিত বিভিন্ন পুস্তিকা তৈরি করা হয়েছে। এসব পুস্তিকা মাঠপর্যায়ের নেতাদের দেওয়া হবে।