বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে রয়েছে সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।এ বোর্ডের অধীনে ছয় জেলার এক হাজার ২৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৩ হাজার ৩৭৯ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার ১১৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৬ দশমিক ৯৬। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৩০ জন। বরিশাল জেলার সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুল, মডেল স্কুল ও কলেজ এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এ চারটি ছাড়া বাকিগুলোর অবস্থান প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এর মধ্যে উজিরপুর উপজেলায় তিনটি এবং বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, বানারীপাড়া উপজেলায় একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পটুয়াখালী জেলা সদরের সরকারি জুবলী উচ্চবিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয় ছাড়া বাকি আটটি প্রতিষ্ঠানই গ্রামাঞ্চলে অবস্থিত। এর মধ্যে বাউফল উপজেলায় তিনটি, গলাচিপায় তিনটি, মির্জাগঞ্জ ও কলাপাড়া একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বরগুনা জেলা সদরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা দশের তালিকায় রয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবই জেলা সদরের বাইরে অবস্থিত। প্রথম অবস্থানে রয়েছে পাথঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমী। দ্বিতীয় অবস্থানে রয়েছে আমতলী এ. কে. উচ্চবিদ্যালয়। একই উপজেলার আরও চারটি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা দশের তালিকায় রয়েছে। তৃতীয় অবস্থানের রয়েছে বামনার হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া বেতাগী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা দশের তালিকায় রয়েছে।পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয় ছাড়া বাকি সবগুলোই জেলা সদরের বাইরে অবস্থিত। এর মধ্যে স্বরূপকাঠিতে দুটি, ভান্ডারিয়ায় দুটি, কাউখালীতে দুটি, মঠবাড়িয়া, ও নাজিরপুরে একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাকি সবই প্রত্যন্ত অঞ্চলের।এর মধ্যে লালমোহনে চারটি, দৌলতখানে তিনটি এবং বোরহানউদ্দিন উপজেলায় একটি। ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় এবং হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাকি সবগুলোর অবস্থানই জেলা সদরের বাইরে।