জেলায় জেলায় সংঘাত, তার পরও চাঙা তৃণমূল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রতিষ্ঠা ও একদলীয় নির্বাচন ঠেকানোর প্রস্তুতি হিসেবে সারা দেশে সাংগঠনিক সফর করছেন বিএনপির নেতারা। কোন্দল নিরসন এ সফরের অন্যতম লক্ষ্য হলেও কর্মিসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক জেলায় তা সংঘর্ষে রূপ নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই সংঘর্ষে জড়াচ্ছেন তৃণমূলের কর্মীরা।
বিএনপির এই সাংগঠনিক সফরের সাফল্য নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় সূত্রগুলো বলছে, নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের ‘শক্তি’ দেখানোর মহড়া থেকে মূলত সংঘর্ষ হচ্ছে। এতে ঐক্যবদ্ধ হওয়ার বদলে দলীয় বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। তবে তার পরও জেলা পর্যায়ের নেতারা বলছেন, এই সফরে তৃণমূল চাঙা হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত ৫৬টি দল ৭৫টি সাংগঠনিক জেলা সফর শুরু করেছে। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। ইতিমধ্যে বরিশাল, সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম (উত্তর), খুলনা, মাগুরাসহ অনেক জেলায় সফর শেষ হয়েছে। বেশির ভাগ সফর হবে মাসের শেষ কয় দিনে।
এই সাংগঠনিক সফরে জেলায় গিয়ে প্রধানত কর্মিসভার ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে কর্মিসভাকে কেন্দ্র করে মৌলভীবাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম উত্তর জেলার কর্মিসভায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে হট্টগোল, হাতাহাতির ঘটনা ঘটেছে। বিরোধের কারণে চট্টগ্রাম নগরের কর্মিসভা এখনই করতে পারছে না বিএনপি। খুলনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের উপস্থিতিতে এবং সিলেটে স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়েছেন দলীয় কর্মীরা। বান্দরবানে কর্মিসভা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। রংপুরে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলো ডটকমকে বলেন, বড় দলে অনেক নেতা এক জায়গায় থাকলে অনেক সময় বিশৃঙ্খলা হয়। এসব কাঙ্ক্ষিত নয়। তিনি বলেন, তাঁদের এই সাংগঠনিক সফরের মূল লক্ষ্য নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে ‘ঐকমত্য’ সৃষ্টি হয়েছে তা জোরদার করা এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
শুধু কর্মিসভা করে এ লক্ষ্য অর্জন কতটুকু সম্ভব জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, শেষ পর্যন্ত হয়তো রাজপথেই নামতে হবে। এসব কর্মিসভা তারই প্রস্তুতি।
দলীয় সূত্র জানায়, এ সফরে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এগুলো হলো বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার যৌক্তিকতা বোঝানো, আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং স্থানীয় নেতাদের মধ্যে কোনো বিরোধ বা সংকট থাকলে সমাধানের চেষ্টা করা বা স্থানীয় নেতাদের পরামর্শ দেওয়া।
সূত্র জানায়, মূলত আন্দোলনের প্রস্তুতির জন্য এই কর্মিসভা হলেও স্থানীয় পর্যায়ে এসব সভায় আগামী নির্বাচন-ভাবনা কাজ করছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের সভায় জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের, বিশেষ করে মনোনয়নপ্রত্যাশীদের প্রতিযোগিতা দেখা দিচ্ছে। সবাই নিজেদের ‘শক্তি’ দেখাতে চায়। আর এতেই নতুন করে বিরোধ শুরু হচ্ছে।
চট্টগ্রাম উত্তর জেলার কর্মিসভায় সংঘর্ষের বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী না থাকায় উপজেলা পর্যায়ের ছোটখাটো বিরোধ নিয়ে কর্মিসভায় বিশৃঙ্খলা হয়েছে। নির্বাচন বিষয়ে ছোটখাটো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। তবে তিনি এ ঘটনাকে নেতৃত্বের প্রতিযোগিতা বলে দাবি করেন। তিনি বলেন, এই কর্মিসভার অবশ্যই একটি সফলতা আছে। সেটি হলো কেন্দ্রীয় পর্যায়ের নেতা বিএনপি চেয়ারপারসনের বার্তা নিয়ে কর্মীদের মাঝে এসেছেন। এতে কর্মীরা উদ্দীপ্ত হয়েছেন।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘কর্মিসভায় মূলত কেন্দ্র থেকে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরা হয়েছে। এগুলো আমাদের নেতা-কর্মীরা জনগণের মাঝে তুলে ধরবেন। এ ছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য বিভেদ দূর করার কথা বলা হয়েছে।’ তিনি মনে করেন, এই সভা কর্মীদের চাঙা করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।